নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের গাঙপাড়ায় ভৈরব নদ থেকে শিমুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে থানা-পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে নদের কচুরিপানার ভেতর মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শিমুল একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭ থেকে ৮ দিন আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি ভৈরব নদের মধ্যে কচুরিপানার ভেতর মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ এবং পরে সহকারী পুলিশ সুপার (জীবননগর ও দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর।
জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
